ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুজ¦রে আরও পাঁচজন মারা গেছে। এদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন ও ঢাকা উত্তরে দুজন চিকিৎসাধীন ছিল। এ নিয়ে গত পাঁচ দিনে ২৬ জন মারা গেল। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এই সংখ্যা গত পাঁচ দিনের মধ্যে সর্বনিম্ন। নতুন রোগীদের মধ্যে ৩৫০ পুরুষ ও ২২০ জন নারী। এ সময় সর্বোচ্চ ১৩৮ জন ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে)। এরপর ঢাকা উত্তর সিটিতে ৯৯ ও ঢাকা দক্ষিণে ৯৮ জন ভর্তি হয়েছে। এ ছাড়া ৬৪ জন ভর্তি হয়েছে খুলনা বিভাগে, ৫৪ বরিশাল বিভাগে, ৫০ রাজশাহী বিভাগে, ৪৭ চট্টগ্রাম বিভাগে, ১৭ ময়মনসিংহ বিভাগে, দুজন সিলেট বিভাগে ও একজন রংপুর বিভাগে।

এ নিয়ে এ মাসের গত পাঁচ দিনে রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪১৫ জন। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী ছিল গত অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ছিল নভেম্বরে ২৯ হাজার ৬৫২ ও তৃতীয় সর্বোচ্চ সেপ্টেম্বরে ১৮ হাজার ৯৭ জন। এরপর আগস্টে ৬ হাজার ৫২১, জুলাইয়ে ২ হাজার ৬৬৯, জানুয়ারিতে ১ হাজার ৫৫, জুনে ৭৯৮, মে’তে ৬৪৪, এপ্রিলে ৫০৪, ফেব্রুয়ারিতে ৩৩৯ ও মার্চে ৩১১ জন রোগী ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত