দিনাজপুরের ফুলবাড়ীতে দুটি চোরাই ট্রাক্টরসহ তিন ট্রাক্টর চোরকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বুধ ও বৃহস্পতিবার দুদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন দিনাজপুর কোতোয়ালি থানার মৃত নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩০), ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে রুবেল মিয়া (৩৮) এবং একই এলাকার মৃত আবদুল জব্বারের ছেলে রাশেদ মিয়া (২৮)।
পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি ইফতি ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক্টর চুরি হয়। এ ঘটনায় ট্রাক্টরের মালিক নিমাই চন্দ্র বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারের জন্য অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য শফিকুল ইসলাম, রাশেদ ও রুবেলকে গ্রেপ্তারসহ ট্রাক্টর উদ্ধার করে। উদ্ধারকৃত দুটি ট্রাক্টরের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা।
ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, দীর্ঘ সময় অনুসন্ধান চালিয়ে চোর শনাক্ত হওয়ার পর দুটি চোরাই ট্রাক্টরসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।
