হাসিনা নিজের পিতার ভাবমূর্তিও নষ্ট করেছেন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ এএম

শেখ হাসিনা একনায়ক হিটলার-মুসোলিনির প্রতিভূ ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি ও সমাজচিন্তক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় উন্নতি ও সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছেন। এমনকি তার পিতা শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তিও নষ্ট করেছেন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সমাজ-সন্দর্শন কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় আবুল কাসেম ফজলুল হক এ মন্তব্য করেন। ‘বিগত দেড় দশকে বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি’ শীর্ষক এই আলোচনায় তিনি ইউরোপে রাজনৈতিক তত্ত্ব হিসেবে ফ্যাসিবাদের উৎপত্তি, এর বিকাশ, ইতালিতে বেনিতো মুসোলিনি এবং জার্মানিতে হিটলারের ভূমিকা বিশ্লেষণ করেন।

আবুল কাসেম ফজলুল হক বলেন, ফ্যাসিবাদের শুরুর দিকে শ্রমিকের শ্রমের ন্যায্যমূল্য দেওয়ার কথা বলা হয়েছিল। জনগণের সমর্থনও ছিল। কিন্তু মুসোলিনি-হিটলারদের মাত্রাতিরিক্ত ক্ষমতার মোহ শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়েছিল। শেখ হাসিনার ক্ষেত্রেও তা-ই হয়েছে। তিনি যেকোনোভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছেন। আরও ক্ষমতা, আরও দুর্নীতি, লুটপাট, ব্যাংক থেকে টাকা পাচার এ সবই হয়ে উঠেছিল শেখ হাসিনার শাসনের প্রধান বৈশিষ্ট্য।

শেখ মুজিবুর রহমান প্রসঙ্গে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, তিনিও জাতীয় সংহতি তৈরি করতে পারেননি। তার দলের ভেতরের লোকেরাই তাকে ডোবাতে চেষ্টা করেছেন। একাংশ প্রতিবাদ করে বের হয়ে ভিন্ন দল করেছেন। অবশেষে তার করুণ মৃত্যু ঘটেছে। তারপর তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে পিতার ভাবমূর্তি উজ্জ্বল করার অনেক চেষ্টা করেছেন। নিজেরাই তাকে ‘জাতির পিতা’, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ এমন অনেক উপাধি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত