এক গোলে দুইয়ে দুই আবাহনী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ এএম

কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ক্রিকেট পিচ তুলে তাড়াহুড়ো করে ফুটবল ম্যাচ আয়োজনে সমালোচনা হয়েছে আগেই। মাঠের অবস্থা এখনো ভালো নয়। তবু চলছে ঘরোয়া ফুটবল। গতকাল সেই ম্যাচে ঢাকা আবাহনী ১-০ গোলে হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে। এবারের বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল আকাশি-নীল জার্সিধারীরা।

ম্যাচের ৫৮ মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে হেডে গোলটি করেছেন সুমন রেজা। অবশ্য প্রথমার্ধে গোল পেতে পারত আবাহনী। প্রথমার্ধে গোলের সেরা সুযোগটি আবাহনী পেয়েছিল বিরতির আগ মুহূর্তে। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ওয়ান্ডারার্সের গোলকিপার সুলতান আহমেদ। সুযোগ কাজে লাগাতে ফাঁকা পোস্টে শট নেন আবাহনীর এক খেলোয়াড়, সুলতান ছুটে পোস্টে ফিরে আটকে দেন সেটি।

এবার আবাহনী লিগ শুরু করেছিল ফকিরাপুলকে ২-০ গোলে হারিয়ে। মৌসুমে লিগের প্রথম দুই ম্যাচই জিতলেও তৃতীয় স্থানে আছে আকাশি-নীল জার্সিধারীরা। দুই রাউন্ড শেষে তিনটি দলের পয়েন্ট সমান ৬, গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে মোহামেডান, দুইয়ে রহমতগঞ্জ। দিনের অন্য ম্যাচে আল-আমিনের জোড়া গোলে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিজ এফসির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। কিংস অ্যারেনায় এই ড্র ম্যাচের ৫৬ মিনিটের সময় একটি ফাউলকে কেন্দ্র করে লাল কার্ড দেখেন ফর্টিজ এফসির মিডিয়া ম্যানেজার দিদারুল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত