হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার যেন না হয় সেজন্য পুলিশ সজাগ দৃষ্টি রাখছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী। তিনি বলেন, ‘হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার যাতে না হয় সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি, তবে প্রকৃত অপরাধীরা কোনো অবস্থাতেই ছাড় পাবে না।’
গতকাল মিরপুর মডেল থানা এলাকার মিরপুর শপিং কমপ্লেক্সে পুলিশ, ছাত্র-জনতা ও নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মিরপুর থানা এলাকার নাগরিকরা এই অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছেদুর রহমান।
এদিকে গতকাল নয়াপল্টনে পুলিশ, ছাত্র-জনতা ও পল্টন থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. মাসুদ করিম। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুনভাবে দেশকে সাজানোর সুযোগ পেয়েছি। পুলিশের কার্যক্রমে কোনো ধরনের ভুল থাকলে আপনারা আমাদের ধরিয়ে দেবেন।’
দুটি মতবিনিময় সভাতেই ডিএমপি ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনতা ও ছাত্র-জনতার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
