সাভারের আশুলিয়ায় ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাজে যোগদান না করায় শিল্পাঞ্চলের অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে কারখানাগুলোর শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা কর্তৃপক্ষের ছুটি ছাড়া ফ্যাক্টরি থেকে বের হয়ে যান এবং স্টাফদের ওপর চড়াও হন। মালিকপক্ষ গত ১০ ডিসেম্বর থেকে শ্রম আইনের ১৩(১) ধারায় তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিস লাগিয়ে দেয়।
শ্রমিক নেতা ইব্রাহিম বলেন, শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ শতাংশের যায়গায় ৯ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এরপরও কেন শ্রমিকরা আন্দোলন করছেন এটি আসলে আমরাও বুঝতে পারছি না। একেবারে তো সবকিছু চাইলেই পাওয়া যায় না। মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাৎসরিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে গতকাল সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন।
এ সময় শ্রমিকরা শান্তিপুর্ণভাবে বাড়িতে চলে যাওয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
