চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় টাস্কফোর্সের অভিযানে ২ হাজার ১৯৫ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানের দুজন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে জানানো হয়, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শহরের বাবুরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড চাঁদপুরের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
এ সময় বশির পাটোয়ারী নামের এক দোকানির গুদাম থেকে প্রায় ১ হাজার ২৪৫ কেজি এবং ফখর উদ্দীন নামে আরেক দোকানির গুদাম থেকে প্রায় ৯৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অবৈধ পলিথিন বিক্রির দায়ে বশির পাটোয়ারীকে ৫০ হাজার টাকা এবং ফখর উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
