মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাঠ পর্যায়ের উপপরিচালক থেকে উপপরিদর্শক পর্যায়ের ৫৭৯ জন কর্মকর্তা অস্ত্র ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
একই সঙ্গে তাদের ৯ এমএম সিএম অটোমেটিক পিস্তল টি-৫৪ ব্যবহারের অনুমোদন দিয়ে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা ২০২৪’ জারি করা হয়েছে।
গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ নীতিমালা জারি করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্সি হিসেবে কাজ করে। অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত জনবল নিয়মিত মাদক উদ্ধার অভিযান, মাদক চোরাকারবারিদের গ্রেপ্তার, মামলা তদন্ত ও পরিচালনার কাজে নিয়োজিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে এবং অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, অধিদপ্তরের বর্তমান মোট জনবল ৩ হাজার ৫৯ জন। এর মধ্যে মহাপরিচালক একজন, পরিচালক চারজন, অতিরিক্ত পরিচালক ৯ জন, উপপরিচালক ৯০ জন, সহকারী পরিচালক ৯৩ জন, পরিদর্শক ১৮৬ জন, উপপরিদর্শক ২১০ জন, সহকারী উপপরিদর্শক ২৮৫ জন এবং ৯২৮ জন সিপাহিসহ মোট এক হাজার ৮০৬ জন কর্মকর্তা-কর্মচারী মাদক অপরাধ দমন কাজে জড়িত। এর মধ্যে মাঠ পর্যায়ে উপপরিচালক ৯০ জন, সহকারী পরিচালক ৯৩ জন, পরিদর্শক ১৮৬ জন, উপপরিদর্শক ২১০ জনসহ মোট ৫৭৯ জন কর্মকর্তা-কর্মচারীর জন্য (প্রাধিকার অনুযায়ী) অস্ত্র সংগ্রহ করা আবশ্যক।
