কলকাতায় গ্রেপ্তার সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা জামিন পেয়েছেন। গতকাল বুধবার ভারতের মেঘালয় রাজ্যের জোয়াই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করে। ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘জামিন মঞ্জুর হয়েছে, দাপ্তরিক অন্য কাজও সম্পন্ন হয়েছে, আজই (বুধবার) তারা মুক্তি পেয়ে যাবেন বলে আশা করছি।’ জামিনপ্রাপ্ত নেতারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর যুবলীগের সহসভাপতি আবদুল লতিফ রিপন।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা জানান, ওই চার নেতাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলার এজাহারে তাদের কারও নাম নেই। সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
