সাভারে রাতের আঁধারে সাবেক এক খাদ্য কর্মকর্তার প্রায় ২ কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার তারাপুর মসজিদসংলগ্ন জমিতে বাড়ি ও দোকানপাট থেকে ভাড়াটিয়া তাড়ানোর অভিযোগ রয়েছে।
এস এম জিয়াউল আনোয়ার অভিযোগ করে জানান, সাভার পৌর এলাকার তারাপুর মসজিদসংলগ্ন ৯ পয়েন্ট ৬০ অযুতাংশ জমি ১৯৯৭ সালে ক্রয়সূত্রে মালিক হন তিনি। জমি ক্রয়ের পর তিনি সামনের অংশে দোকানঘর ও পেছনের দিকে টিনসেড বাড়ি তৈরি করে ভাড়া দিয়ে আসছিলেন। ২০০৭ সালে আনোয়ারুল হকের মৃত্যুর পর তার স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা মালিক হন। এ সময় স্থানীয় সুকমল রায় ওই জমির মালিকানা দাবি করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালতে মামলাটি দীর্ঘদিন চলমান থাকাকালে বাদী বরাবরই অনুপস্থিত থাকায় আদালত মামলাটি খারিজ করে দেয়। পরে একাধিকবার সুকমল রায়ের পক্ষ হয়ে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রভাবশালী একটি মহল ওই জমি দখলের পাঁয়তারা করে। এ ঘটনায় সাভার পৌরসভায় দুপক্ষের সালিশ বৈঠকে আনোয়ারুল হকের পক্ষে রায় হয়।
তবে জমি দখলের ব্যাপারে মোহর আলী মোহন বলেন, এতদিন তারা জোরপূর্বক জমিটি দখলে ছিল। প্রকৃতপক্ষে জমি আমার এবং সব কাগজ আছে। তাদের জমি অন্য জায়গায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও লিখিত অভিযোগের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। দুপক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখতে বলা হয়েছে।
