তিন দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে। দেশের বিনোদনের অন্যতম জনপ্রিয় স্থান সাজেক ভ্যালি এখন পর্যটকে ভরপুর। পর্যটকদের পদচারণায় মুখর সাজেক। সব হোটেল-মোটেলের প্রায় শতভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। শীতের এ সময়টা উপভোগ করতে সাজেকে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির প্রথম দিনে প্রায় সাড়ে তিন হাজার পর্যটক ভিড় করেন। বিপুল পর্যটকের উপস্থিতিতে খুশি ব্যবসায়ীরাও।
কটেজ মালিক সমিতি অব সাজেকের তথ্যমতে, সাজেকে ১১৬টি হোটেল, রিসোর্ট ও কটেজ রয়েছে। রেস্তোরাঁ আছে ১৪টির বেশি। সবগুলোতেই পর্যটকদের ভিড়।
কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, শুক্রবার সাজেক পর্যটকে ভরপুর ছিল। সাজেকের সৌন্দর্য উপভোগ করতে এদিন দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে তিন হাজার পর্যটক এখানে ভিড় করছেন। প্রায় সাড়ে তিন হাজার পর্যটকের সমাগম হয়েছে এখানে। ১৬ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব হোটেল, কটেজ, রিসোর্ট বুকিং রয়েছে।
খাগড়াছড়ি-সাজেক সড়কের জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সারা দিনে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে ২০০ জিপ ও ৫০টি মাহেন্দ্র অটোরিকশা ছেড়ে গেছে। এ ছাড়া শতাধিক মোটরসাইকেল নিয়েও পর্যটকরা সাজেকে গেছেন।
এদিকে রাঙ্গামাটি জেলা সদরের বিভিন্ন স্পটগুলোতেও পর্যটকের ভিড় লক্ষ করা গেছে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যকসহ বিভিন্ন স্পট পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এ ছাড়া কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা সুবলংয়ের উদ্দেশে নৌবিহারও করছেন।
ঢাকা থেকে সস্ত্রীক বেড়াতে আসা রমজান আলী বলেন, ‘বাচ্চাদের পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। তাই ছুটির এ দিনগুলোতে রাঙ্গামাটি ঘুরতে চলে এসেছি। রাঙ্গামাটির পাহাড়, হ্রদ, ঝুলন্ত সেতু সবকিছুই ভালো লেগেছে। উপভোগ করার মতো একটি স্থান রাঙ্গামাটি।’
হোটেল হিল পার্কের ব্যবস্থাপক স্বপন শীল বলেন, ‘শীতের শুরু এবং বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ায় পর্যটকরা এখন রাঙ্গামাটি ভ্রমণ করছেন। টানা ছুটির কারণে উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক এসেছেন রাঙ্গামাটিতে। বর্তমানে হোটেলে প্রায় সব রুমেরই বুকিং রয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৭০-৮০ ভাগ রুম অগ্রিম বুকিং রয়েছে।’
পর্যটন করপোরেশনের আওতাধীন পর্যটন কমপ্লেক্স রাঙ্গামাটির ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আশানুরূপ পর্যটক এসেছে রাঙ্গামাটিতে। সাপ্তাহিক ছুটির প্রথম দিন শুক্রবার ঝুলন্ত সেতুতে আড়াই হাজার পর্যটক এসেছেন। এ ছাড়া পর্যটন করপোরেশনের মোটেলের ৬০ ভাগ রুম অগ্রিম বুকিং আছে। তিনি আশা করছেন, এ মাসে ভালো ব্যবসা হবে।
