টাঙ্গাইলের বাসাইলে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলী (২) নামের এক শিশুসন্তানকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবার ভোরে বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মোহাম্মদ আলী বাসাইল পৌর এলাকার পূর্ব মধ্যপাড়ার অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার ছেলে। অভিযুক্ত মা হিরা আক্তার (৩০) মির্জাপুরের আদাবাড়ী গ্রামের হারু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, ১০ বছর আগে অটোরিকশা চালক ইব্রাহিম মিয়ার সঙ্গে হিরা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর মধ্যে তাদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। মাঝেমধ্যেই পারিবারিক কলহের জেরে হিরা আক্তার তার বাবার বাড়িতে চলে যেতেন। এ অবস্থায় শুক্রবার ভোরের দিকে হিরা আক্তার তার দুবছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে যায়। বেশ কিছুক্ষণ পর তিনি সন্তানকে ছাড়াই ঘরে আসেন। এ সময় হিরার স্বামী ইব্রাহিম সন্তানকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করেন। পরে তিনি তার স্বামীকে নিয়ে পুকুর পাড়ে যায়। সেসময় শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় ইব্রাহিম। পরে দ্রুত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হিরা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় শিশুটির মা হিরা আক্তারকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
