নরসিংদীতে পররাষ্ট্র উপদেষ্টা

রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ এএম

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে ফের যেন ছাত্রছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলেমেয়েদের প্রাণ যেন আর না ঝরে। গতকাল শনিবার নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশের বিরুদ্ধে প্রচ-ভাবে প্রোপাগান্ডা চলছে। আমরা জানি, এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ। যতটুকু সম্ভব আমরা এটি মিটআপ করার চেষ্টা করছি। যারা আমাদের কথা শুনতে রাজি আছে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফায়েড এখন। তাদের বিরুদ্ধে এসব করে বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবে না।

পরে  পররাষ্ট্র উপদেষ্টা রায়পুরা উপজেলা সম্মেলন কক্ষে সব কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিবিদ ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখানে তিনি বলেন, রায়পুরা উপজেলায় তিনটি গ্যাস লাইনের সংযোগ আছে কিন্তু পর্যাপ্ত গ্যাস নেই। রায়পুরায় একটি ইপিজেড তৈরি করতে পারলে যুবকদের কর্মসংস্থান তৈরি হবে। এ ছাড়া তিনি রায়পুরা রেলগেটে যানজট নিরসন, রায়পুরায় দুটি থানা নির্মাণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত