উত্তরা আধুনিক মেডিকেল দখল চেষ্টার অভিযোগ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ এএম

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখলচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির আওয়ামী লীগ সমর্থক একদল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে। নিয়মবহির্ভূতভাবে পরিচালনা পর্ষদের সভা ডেকে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গত রবিবার প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা হয় বলে দাবি করেছেন অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক-বর্তমান ছাত্ররা।

এ বিষয়ে হাসপাতালটির দায়িত্বশীল একজন বলেন, ‘গত ৮ ডিসেম্বর অবৈধ মিটিং নিয়ে উত্তেজনা দেখা দেয়। পর্ষদের সাধারণ সম্পাদক হজে থাকা অবস্থায় নিয়মবহির্ভূতভাবে সভা ডাকে বিএমএসআরইর ইসি মেম্বার প্রকৌশলী সিদ্দিকুল্লাহ। তার অনুগত সন্ত্রাসী বাহিনী নিয়ে হাসপাতাল দখল করে মিটিং করতে চায়। পরে কলেজের ছাত্র-ছাত্রী, চিকিৎসক ও রোগীদের নিরাপত্তার কথা চিন্তা করে কলেজ এবং হাসপাতাল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেয়। একপর্যায়ে পুলিশ এলে সন্ত্রাসীরা পুলিশের সামনেই বেপরোয়া আচরণের চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের সেখান থেকে হটিয়ে দেয়।’

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর হয়ে বিএনপির নাম ভাঙিয়ে এই দখলচেষ্টার ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সচিব সাখাওয়াত মুনের শ্বশুর অধ্যাপক আহসানউল্লাহ, ডা. রোকনুজ্জামান রুবেল, ডা. হারুনসহ কিছু স্টাফের নেতৃত্বে ঘটনার দিন সকাল থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে হাসপাতালের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সন্ত্রাসীরা। তারা বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও ডা. পাভেলের নামে স্লোগান দিয়ে হামলার চেষ্টা করে। তবে আমরা পরে খোঁজ নিয়ে এ ঘটনার সঙ্গে তাদের (দুই বিএনপি নেতা) কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালটির ট্রাস্টি বোর্ডের দুপক্ষের ঝামেলা ছিল। ইসি কমিটির এক পক্ষ মিটিং করতে চাইছিল। তখন আরেক পক্ষ সেটি করতে দিতে চাইছিল না। এটাকে কেন্দ্র করে দুপক্ষই মুখোমুখি অবস্থান নিয়েছিল। আমরা গিয়ে উভয়পক্ষকেই শান্ত করি। তবে এ ঘটনায় দুপক্ষের কেউই থানায় কোনো অভিযোগ করেনি।’

হাসপাতাল দখলচেষ্টার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আহসানউল্লাহ বলেন, ‘আমি সেখানকার একজন কর্মচারী মাত্র। ঘটনার দিন আমি আমার রুমে দায়িত্ব পালন করছিলাম। আমি সত্তরোর্ধ্ব মানুষ। আমার পক্ষে সন্ত্রাসী কার্যকলাপ করা সম্ভব কি না, সেটা আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। ওটা ইসি মেম্বারদের দুপক্ষের ঝামেলা ছিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত