আসিফ মাহমুদ বললেন

আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ এএম

আওয়ামী লীগের নেতাকর্মীদের নানা অপতৎপরতার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্রিফিংয়ের সময় তিনি উপস্থিত ছিলেন।

আসিফ মাহমুদ বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামনে যে ইভেন্টগুলো আছে, সেগুলো সুষ্ঠুভাবে ও শৃঙ্খলা বজায় রেখে শেষ করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। ভালো আলোচনা হয়েছে, আশা করি সামনের ইভেন্টগুলো খুব শান্তিপূর্ণভাবে করা যাবে। গত কয়েক দিন ধরে কিছু অ্যাক্টিভিটি লক্ষ্য করছি। তার ভিত্তিতে সারা দেশে গ্রেপ্তার অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলাফল হয়তো শিগগিরই দেখতে পাবেন। আসিফ মাহমুদ আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের যারা বাইরে আছেন, তারা এখনো নানাভাবে ভিন্ন গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করছেন, ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। গতকালও (শনিবার) কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে এবং সুস্পষ্ট অভিযোগও রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাজধানীতে ছিনতাই রোধে শেষ রাতে পুলিশি টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত