রাজশাহীর বিভিন্ন স্থাপনায় ‘জয় বাংলা’ স্লোগান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ এএম

রাজশাহীর জেলা প্রশাসক অফিসের প্রধান ফটকসহ বিভিন্ন সরকারি স্থাপনার দেয়ালে স্প্রে রঙের মাধ্যমে জয় বাংলা স্লোগান লিখন করা হয়েছে। গতকাল সোমবার বিজয় দিবসের প্রথম প্রহরে কে বা কারা ‘জয় বাংলা’ লেখেন। পরে সকালে বিষয়টি জানাজানি হয়।

অন্য ভবনগুলো হলো রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জানতে চাইলে রাজশাহী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রেজাউল হক বলেন, রবিবার আমাদের ওই দেয়ালে কোনো লেখা ছিল না। সোমবার সকালে আমরা দেয়ালের দুপারে জয় বাংলা লেখা দেখেছি। আমাদের ডিডি অফিসেও লেখা আছে।

তিনি আরও বলেন, আমাদের ওয়ালে এসব লেখা হয়েছে। এগুলো আগেও অনেকে লিখে গিছে অনেক সময়। তবে আজ কে বা কারা লিখেছে সেটি জানা নেই। এখন আমাদের নতুন করে রঙ করার বরাদ্দ না পাওয়া পর্যন্ত কোনো কিছু করার নেই।

তবে বিষয়টি অজানা বলে জানিয়েছেন নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম ইসলাম। তিনি বলেন, ‘আমরা জানি না।’

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বলেন, ‘বিষয়টি এখনো জানা নেই আমাদের।’

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মেশকাত মিশু বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ কতটা দেউলিয়া হয়ে গেছে সেটার একটা প্রমাণ তারা দিয়েছে। আসলে তারা মরে গেছে কিন্তু ওই লাশটা এসে বিভিন্নভাবে তাদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার চেষ্টা করছে। এগুলো আওয়ামী লীগ আসলে তার শক্তিমত্তা কোনোভাবে প্রমাণ করতে পারবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত