এশিয়ার ফুটবলের সঙ্গে সামঞ্জস্য রাখতে আগামী বছর দক্ষিণ এশিয়ার ফুটবলের পঞ্জিকায় পরিবর্তন এনেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। মঙ্গলবার সাফের কম্পিটিশন কমিটির এক ভার্চুয়াল সভায় হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। যার মধ্যে অন্যতম নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ।
যে আসরটি আগামী ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল বাংলাদেশে। নতুন সূচী অনুযায়ী এই টুর্নামেন্টটি বাংলাদেশই আয়োজন করবে ১ থেকে ১১ জুলাই। গত বছরও এই আসরটি হয়েছিল ঢাকায় এবং প্রথমবারের মতো হওয়া বয়সভিত্তিক আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছিল নেপালকে।
ভার্চুয়াল সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল দেশ রূপান্তরকে বলেন, 'এএফসি'র বেশ কিছু সূচীতে পরিবর্তন এসেছে। তাই এএফসি'র সূচীর সঙ্গে সামঞ্জস্য রাখতে আমরাও কিছু পরিবর্তন এনেছি।'
বাংলাদেশ নারী দলের কোচ পিটার জেমস বাটলার অবশ্য এর মধ্যেই অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট হচ্ছে না বিধায় বাংলাদেশকেও ভাবতে হবে নতুন করে। এদিকে নতুন সূচী অনুযায়ী পুরুষ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ভারতে হবে ৮ থেকে ১৮ মে। নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট দুটি হবে যথাক্রমে ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর ও ১৭ থেকে ২৭ অক্টোবর। তবে এই দুটি টুর্নামেন্টের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
সভায় পুরুষ সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হয়েছে। ২০২৫ সালে এই আসরটির সূচী ও আয়োজক দেশ অবশ্য চূড়ান্ত হয়নি। আগামী ১০ জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে হতে যাওয়া সাফের নির্বাহী কমিটির সভায় হবে এই সিদ্ধান্ত।
হেলাল জানান, কমার্শিয়াল রাইটস হোল্ডার প্রতিষ্ঠানের ইচ্ছা সিনিয়র সাফ হোম অর অ্যাওয়ে ভিত্তিতে করতে। অর্থাৎ সাত দলের টুর্নামেন্ট হলে একেকটি দল ছয়টি করে ম্যাচ খেলবে। যার তিনটি খেলবে হোমে, বাকি তিনটি অ্যাওয়েতে।
যদিও এখানে বড় প্রতিবন্ধকতা দক্ষিণ এশিয়ার বেশ ক'টি দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক সম্পর্কে অবনতি। হেলাল অবশ্য এরও একটা বিকল্প ভেবে রেখেছেন, 'আমরা নতুন ফরম্যাটে এই আসরটি করতে চাই আমাদের স্পন্সরশিপ পার্টনালের চাওয়া অনুযায়ী। হোম অর অ্যাওয়ে ভিত্তিতে করার ইচ্ছে। তবে এক দেশের সঙ্গে আরেক দেশের ভ্রমনে জটিলতা থাকলে আমরা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন করবো। আর শেষ পর্যন্ত যদি নতুন ফরম্যাটে করা না যায়, সেক্ষেত্রে আগের মতোই যে কোন এক দেশে আগের ফরম্যাটে হবে টুর্নামেন্ট। এ সব কিছুই আমরা ১০ জানুয়ারির সভায় চূড়ান্ত করবো।'
মরুর বুকে ফাইনালের আগে কী করছেন ভিনি-এমবাপ্পেরা?
‘ডাক’ মেরে যাচ্ছেন অধিনায়ক; বুধবার নিশ্চিত হবে সিরিজ?
কখন, কীভাবে দেখবেন ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান?
শেষ বলে ৪, ৬ হলো না, ব্যর্থ রাব্বী-হৃদয়
বসুন্ধরা কিংসকে চমকে দিলো ফর্টিস