বেনাপোল দিয়ে আরও ১৯০০ টন আলু আমদানি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ এএম

ভারত থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে মালবাহী ট্রেনে আরও ১ হাজার ৯০০ টন আলু আমদানি করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ৪২টি ওয়াগনে আলু নিয়ে ভারতের পাঞ্জাব থেকে ট্রেনটি বেনাপোল রেলস্টেশনে পৌঁছায়।

গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে চালানটি খালাসের জন্য আমদানিকারকের পক্ষে বেনাপোল কাস্টম হাউজে প্রয়োজনীয় কাগজপত্র জমা করে সিঅ্যান্ডএফ এজেন্ট বাংলাদেশ লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড। আমদানিকারক প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জের মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল।

লজিস্টিক সার্ভিসের প্রতিনিধি ফারুক ইকবাল ডাবলু বলেন, মঙ্গলবার রাতে কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম শেষ করে আজ (গতকাল) সকালে আলুবাহী ট্রেনটি নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয়। সেখানে আনলোডের পর আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, ভারত থেকে মালবাহী ট্রেনে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে; যার ওজন ১৯ লাখ কেজি। চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি কেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা। চালানটি দ্রুত ছাড়করণের জন্য সহযোগিতা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত