বরিশাল পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, আটক ২

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ এএম

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে নারীসহ দুজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে দুদক বরিশাল অফিসের একটি দল তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক বরিশাল কার্যালয়ের উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান।

আটক দুজন হলেন শাহিদা বেগম ও তার সহযোগী জাকির হোসেন।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক বরিশাল জেলা সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা জানান, বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে মানুষকে জিম্মি করে অতিরিক্ত টাকার বিনিময়ে পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে দালাল চক্র বেশি টাকা হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগে সকাল থেকে অভিযান চালানো হয়। এর সঙ্গে জড়িত থাকায় দুজনকে তারা এয়ারপোর্ট থানা-পুলিশের মাধ্যমে হাতেনাতে আটক করা হয়। দালাল চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে স্বচ্ছভাবে কাজ করার পরিবেশ তৈরি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত