জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক আইরিন আক্তার নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার দুপুর আড়াইটায় ভোট গণনা শেষে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি। এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে ১৪টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহসভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিনুল বারী চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, গণিতের অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাসের অধ্যাপক কো. লুৎফুল এলাহী, উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক নাহিদ আখতার, প্রাণরসায়ণ ও অনুপ্রাণ বিজ্ঞানের অধ্যাপক বোরহান উদ্দিন, অর্থনীতির অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়নের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর।
