বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণের ৭০ দিনের মাথায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ালেন ফারুক আহমেদ।
তিনটি ক্যাটাগরিতে বিসিবির উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে অধস্তন কর্মচারী সবারই বেতন বেড়েছে। সব মিলিয়ে ৯৪ জন কর্মকর্তা-কর্মচারীর প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বেতন বেড়েছে। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্যটি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, গত ৩০ অক্টোবর বিসিবির ১৫তম বোর্ড সভায় বিষয়টি উত্থাপন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এছাড়া বিসিবির পে-স্কেল সংশোধন করে তা নতুনভাবে তৈরির সিদ্ধান্ত হয়েছে বিসিবিতে। বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেল সংশোধন করা হয় ১১ বছর আগে ২০১৩ সালে।
