চেক প্রতারণার মামলায় সাকিবকে হাজির হতে সমন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০২ এএম

চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ চারজনের বিরুদ্ধে সমন দিয়েছে আদালত। যাদের বিরুদ্ধে সমন দিয়েছে তারা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমানের জবানবন্দি গ্রহণ করে আসামিদের ১৮ জানুয়ারি আদালতে উপস্থিত হওয়ার নিদেশ দেন।

গত ১৫ ডিসেম্বর এ চেক জালিয়াতির মামলাটি ফাইল করা হলে গতকাল শুনানি শেষে তাদের বিরুদ্ধে সমন ইস্যু করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১ কোটি এবং টার্ম লোন হিসেবে দেড় কোটি টাকা বনানী শাখার আইএফআইসি ব্যাংক থেকে নেয়। পরবর্তী সময়ে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিস দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর চার কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করে।

আওয়ামী লীগের টিকিটে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্যও নির্বাচিত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে মামলা হয়। সাকিবের বিরুদ্ধেও করা হয় হত্যা মামলা। জব্দ করা হয় তার ব্যাংক হিসাবও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত