রাজধানীর পৃথক সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তারা পৃথক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে একই আদালত।
কোন মামলায় কাকে গ্রেপ্তার দেখানো হয়েছে : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর নিউমার্কেট থানায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে। রাজধানীর রামপুরা থানায় সোহান শাহ নামে পোশাককর্মীকে গুলি করে হত্যা ও কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে। ২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচার করাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় হাসানুল হক ইনুকে এবং ২০১৫ সালের ২৮ এপ্রিল আফরোজা আব্বাসের গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ড মঞ্জুর করেন।
