ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও পাঁচজন মারা গেছে। এ নিয়ে চলতি ডিসেম্বর মাসের গত ১৮ দিনে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮ জন। এ বছর এখন পর্যন্ত মারা গেছে ৫৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে এ মাসের গত ১৮ দিনে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১০০ জন এবং এ বছরে রোগীর সংখ্যা দাঁড়াল ৯৯ হাজার ৫৬৯ জনে।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডেঙ্গুর এই তথ্য জানানো হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে নতুন যে পাঁচজন মারা গেছে, তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে শূন্য-পাঁচ বছর বয়সী এক ছেলেশিশু রয়েছে। এই পাঁচজনের মধ্যে দুজন করে ঢাকার উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এবং একজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিল।

হাসপাতালে নতুন ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ১৭০ জন পুরুষ ও ১০৪ জন নারী। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৩৩, চট্টগ্রাম বিভাগে ৪১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৩৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০, খুলনা বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৪, ময়মনসিংহে ৯ ও সিলেটে ২ জন ভর্তি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত