প্রাইমারি স্কুলের সময় ৫ ঘণ্টা করার দাবি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময় ১০টা থেকে ৩টা পর্যন্ত করাসহ একগুচ্ছ দাবি জানিয়েছে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

বক্তারা বলেন, ‘বৈষম্যের কারণে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে চান না এবং এলেও থাকতে চান না। এটা এখন মেধাবীদের একটা ট্রানজিট পেশায় পরিণত হয়েছে। তাই দাবিগুলো মেনে নিয়ে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত হবে। আমাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সমমনা আরও কয়েকটি শিক্ষক সংগঠন। দাবিগুলো ৯ জানুয়ারির মধ্যে মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি আসবে।

বক্তারা আরও বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে নির্ধারণ করতে হবে। সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে। সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে। প্রাথমিক সহকারী শিক্ষকদের কী অন্যায় যে তারা একই যোগ্যতা নিয়ে তিনটি গ্রেড নিচে বেতন পাবেন। এটা তো শিক্ষাকে ধ্বংস করার সেই আদিম সামন্ত জমিদারি প্রথা, নয় কি? নবম পে-স্কেলে গ্রেড ১০টি রেখে সব বৈষম্য দূর করতে হবে। এটা এখন সময়ের দাবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত