অন্তর ও দেহ একটি অপরটির পরিপূরক। অন্তরের সুস্থতার ওপর দেহের সুস্থতা নির্ভর করে। মহানবী (সা.) বলেন, ‘জেনে রাখো, শরীরে একটি গোশতের টুকরা আছে, তা যখন ঠিক হয়ে যায়, সমস্ত শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরাটি হলো কলব বা অন্তর।’ (সহিহ বুখারি)
অন্তরের পরিশুদ্ধতা নষ্ট হওয়ার অর্থ হলো, বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে নিজের চিন্তা-ভাবনা, কাজকর্ম ও মন-মস্তিষ্ককে পাপাচ্ছন্ন করে ফেলা। ইসলামের দৃষ্টিতে অন্তরের পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এর ওপর নির্ভর করে ব্যক্তির আমলের প্রতিদান ও পরকালীন সাফল্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অবশ্যই সে সফল হয়েছে, যে নফসকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তা বিনষ্ট করেছে।’ (সুরা শামস ৯-১০) যেসব কাজে অন্তরের পবিত্রতা নষ্ট হয় তা উল্লেখ করা হলো।
গুনাহে লিপ্ত হওয়া : মহানবী (সা.) বলেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। (তিরমিজি)
অসৎ সঙ্গ গ্রহণ করা : অসৎ ও আল্লাহবিমুখ মানুষের সঙ্গ অন্তরের পরিশুদ্ধতা নষ্ট করে। হাদিসে বর্ণিত হয়েছে, ‘যেসব লোক কোনো দরবারে বসেছে অথচ তারা আল্লাহর জিকির করেনি এবং তাদের নবীর প্রতি দরুদও পড়েনি, তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। আল্লাহ চাইলে তাদের শাস্তিও দিতে পারেন কিংবা মাফও করতে পারেন।’ (তিরমিজি)
জাগতিক মোহ : অতিরিক্ত জাগতিক মোহ মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়। অন্তর থেকে আল্লাহর স্মরণ বিলোপ করে। মানুষের চিন্তা ও কাজের ভারসাম্য নষ্ট করে। মহানবী (সা.) বলেছেন, দুনিয়ার মোহ সব পাপের মূল। (তিরমিজি)
অবৈধ উপার্জন : হারাম জীবিকা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় দূর করে দেয়। ফলে তার ওপর শয়তানের প্রভাব বাড়তে থাকে। তার অন্তরের নিয়ন্ত্রণ শয়তানের হাতে চলে যায়। শয়তান তার অন্তর নষ্ট করে দেয়। আল্লাহতায়ালা আমাদের অন্তরকে পবিত্র রাখুন। আমিন।
