কুমিল্লার চৌদ্দগ্রামে বিষমুক্ত লাউ-সবজি চাষ, প্রাকতিক উপায়ে গরু-ছাগল ও হাঁস-মুরগি লালন ও দেশীয় পদ্ধতিতে পুকুরে মাছ চাষ করে সফল হয়েছেন প্রবাসফেরত কৃষি উদ্যোক্তা মো. সোলায়মান হাজারী।
সোলায়মান হাজারী উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় শুরুতে পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। পাশাপাশি দুটি শেডে আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন এবং আলাদা শেডে ১৫টি ছোট-বড় গরু নিয়ে শুরু করেন খামার। বাড়ির আঙিনা ও পুকুরের পাড়ে কলাগাছ, পেঁপেগাছসহ নানান সবজি চাষ করেন তিনি। এ ছাড়াও বাড়ির পাশের নিজের ২৫ শতক জমিতে বিষমুক্ত লাউ এবং বিভিন্ন সবজি চাষ করেছেন। সোলায়মান হাজারী বলেন, প্রবাস থেকে ফিরে দীর্ঘদিন বেকার থেকে পরিবার নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলাম। কৃষির প্রতি আগে থেকেই আমার বেশ আগ্রহ ছিল। পরে ইউনিয়ন কৃষি কর্মকর্তার পরামর্শে ও উপজেলার কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় নিজ জমিতে বিষমুক্ত লাউ ও সবজি চাষাবাদ শুরু করি। ধীরে ধীরে সফলতার মুখ দেখা দেওয়ায় এর পাশাপাশি পুকুরে মাছচাষ, আঙিনায় পেঁপে ও উন্নত জাতের ফলদ গাছের বাগান করা, আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন এবং প্রাকৃতিক উপায়ে গরু পালন শুরু করি।
কৃষি ও দুটি খামার থেকে গড়ে প্রতি মাসে আমার প্রায় ৬০ হাজার টাকা আয় হয়। পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছি।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সোলায়মান হাজারী ইতিমধ্যে বিষমুক্ত লাউ চাষ, মাছ চাষ, হাঁস-মরগি ও গরু লালনপালন করে ব্যাপক সফলতা পেয়েছেন। বিভিন্ন কৃষি প্রণোদনা প্রদানসহ উপজেলা কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিয়ে সবসময় সোলায়মান হাজারীর পাশে থাকার চেষ্টা করেছি।
