ছয় মাস বন্ধ থাকার পর আমদানি-রপ্তানিতে ফিরল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর। দীর্ঘ সময় বন্ধ থাকার পর এ বন্দরে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। গতকাল রবিবার দুপুর ১২টায় ভারত থেকে ২০ ট্রাক পাথর এ বন্দরে প্রবেশ করে। পরে শুল্ক কর্মকর্তাদের তদারকিতে ট্রাকগুলো খালাস করা হয়।
এখন থেকে সরকারি ছুটির বাইরে প্রতিদিন পাথর আমদানি হবে বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তা। তবে স্থানীয়রা জানান, আগের মতো চাঁদাবাজি ও শুল্ক ফাঁকি দিতে গিয়ে যেন পুনরায় বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ হয়ে না যায়, সেদিকে নজর দিতে হবে।
বন্দরের শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম বলেন, নানা জটিলতায় দীর্ঘদিন বন্দরটি বন্ধ থাকার পর আবারও পাথর আসতে শুরু করেছে। আশা করি এ কার্যক্রম অব্যাহত থাকবে।
