সাভারে ঠিকানা পরিবহনের বাসচাপায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা সোয়া ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উভয়পাশে অবরোধ করেন। এ সময় তারা বাসচালক ও সহযোগীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত শনিবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে ঠিকানা পরিবহনের বাসচাপায় নিহত হন সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার। তিনি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। নিহত প্রত্যয় সরকার (৩০) মেহেরপুর জেলার গাংনী থানার জনাতন সরকারের ছেলে।
