রাজধানীতে ছিনতাই রোধে অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রথম দিনের অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় ছিনতাইকারী সন্দেহে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে লালবাগ ও তেজগাঁও বিভাগে সব চেয়ে বেশি ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাই চক্রের ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ আটজন, মতিঝিল বিভাগ ১৪, লালবাগ বিভাগ ২৬, ওয়ারী বিভাগ ১০, তেজগাঁও বিভাগ ১৯, মিরপুর বিভাগ ৪, উত্তরা বিভাগ ৮ ও গুলশান বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সন্দেহভাজন এসব ছিনতাইকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত কমিশনার বলেন, আমরা ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করে কারা এসব এলাকায় ছিনতাই করে তাদের চিহ্নিত করছি এবং তাদের আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। ফুট প্যাট্রল, গাড়িতে প্যাট্রল এবং মোটরসাইকেল প্যাট্রল অব্যাহত রেখেছি। এখন শীতের রাত, গভীর রাতেও ছিনতাই হচ্ছে। বিশেষ করে দূরপাল্লার যেসব গাড়ি ঢাকায় আসছে সেসব গাড়ির যাত্রীদের থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মোবাইল প্যাট্রলগুলো যেন ঠিকঠাক কাজ করে এজন্য আমাদের প্রত্যেক ডিভিশনের এসি এবং এডিসিকে নজরদারি করার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক রাতে তারা গাড়ি নিয়ে মুভে থাকছে এবং তদারকি করছি। এ ছাড়া আমাদের কন্ট্রোল রুম থেকে ওয়ারলেসের প্যাট্রলগুলোর লোকেশন নেওয়া হচ্ছে এবং তারা সজাগ আছে কি না তদারকি করা হচ্ছে।
যারা এসব ছিনতাইয়ের কাজে অভ্যস্ত, তাদের কোর্টে চালান করার পর অতি সহজেই তারা জামিন নিয়ে বের হয়ে আসছে এবং আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে। ঢাকা মহানগরীতে ২ কোটির মতো মানুষের বসবাস। তাদের নিরাপত্তার কথা ভেবে এসব ছিনতাইকারী যেন সহজে জামিন না পায় এজন্য কোর্ট বা সবশ্লিষ্ট বিচারকদের অনুরোধও করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
