নিখোঁজের এক দিন পর পুকুরে মিলল লাশ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের এক দিন পর বৃদ্ধের মরদের উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল মোতালেব (৭৫) উপজেলার মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার বাড়ির পুকুরে মোতালেব মিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মোতালেব ভারসাম্যহীন ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। ধারণা করা হচ্ছে, ভবঘুরে চলাফেরা করার সময় পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত