মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে মুজাহিদুর রহমান (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মুজাহিদ ওই গ্রামের ইরা মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে পূর্ব ফটিগুলির স্থানীয় বাজারের একটি দোকানে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে যান মুজাহিদ। সেখানে বাবুল মিয়াসহ আরও কয়েকজন ক্রেতা ছিলেন। এ সময় বাবুলের মোবাইল ফোনটি হারিয়ে গেলে সবাই মুজাহিদকে দোষারোপ করে তার গালে চড়-থাপ্পড় মারেন এবং তার পরিবারকে খবর দেন। রাতে মুজাহিদ বসতঘরে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কুলাউড়া থানার ওসি গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।
