বিতর্কিত ফাইলগুলোই আগুনে পুড়েছে: রিজভী

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

সচিবালয়ে লাগা আগুনে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পুড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। পতিত ফ্যাসিবাদের দোসররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

সচিবালয়ের আগুনকে রহস্যজনক উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই ঘটনা ঘটেছে। কারণ বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না। যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সংস্কার চলবে, নির্বাচনও চলবে। অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে। নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে। এটা দুরভিসন্ধিমূলক মনে হচ্ছে। শুধু সংস্কারের কথা বললে মঈনুদ্দিন ও ফখরুদ্দিনের কথা মনে পড়ে।

যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক ভোটের কথা বলছে বলেও উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত