গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে গরুচোর সন্দেহে চার যুবককে পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, গত এক সপ্তাহে ১১টি গরু চুরি যাওয়ার পর স্থানীয়রা পালাক্রমে রাত জেগে এলাকাভিত্তিক গরু পাহারা দিয়ে থাকেন। গত বৃহস্পতিবার রাত ৩টায় দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশা দিয়ে ১০-১২ জন লোক রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিল। এ সময় ঢাকা-কাপাসিয়া-মনোহরদী আঞ্চলিক সড়কে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর না দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। এ সময় গ্রামে গরুচোর ঢুকেছে এমন খবর ছড়িয়ে পড়লে চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলে এবং চারজনকে আটক করে পিটুনি এবং তাদের দুটি মোটরসাইকেল ও অটোরিকশায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় অন্যরা পালিয়ে যান। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় চার যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। পিটুনির শিকার যুবকরা হলেন তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে রফিকুল ইসলাম জুয়েল (৩০), উত্তর খামের গ্রামের রমজান আলীর ছেলে সবুজ মিয়া (২৮), তরগাঁও দক্ষিণপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে হারুনুর রশিদ (৩২) ও কড়িহাতা ইউনিয়নের পেওরাইট গ্রামের আবদুর রশিদ মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (৪২)।
কাপাসিয়া থানার ওসি মো. কামাল হোসেন জানান, সম্প্রতি ওই এলাকায় গরু চুরির ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। গণপিটুনিতে আহতদের দুজন এখনো চিকিৎসাধীন আর বাকি দুজনকে থানায় আটক রাখা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে একটি গরুচুরির মামলা প্রক্রিয়াধীন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
