ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও বণিক বার্তার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী অষ্টম নন-ফিকশন বইমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাবি উপাচার্য বলেন, ‘এই মেলা আমাদের দুটো কারণে উদযাপন করা উচিত, প্রথমত এটি জ্ঞানচর্চার সঙ্গে জড়িত এবং দ্বিতীয়ত এটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমাজের মেলবন্ধন তৈরিতে সহযোগিতা করে। আমাদের সমাজে এ ধরনের উদ্যোগ দরকার।’
বণিক বার্তার প্রধান প্রতিবেদক মো. বদরুল আলমের সঞ্চালনায় বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ সূচনা বক্তব্য দেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম। এ ছাড়া অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘সাধারণ বইমেলাগুলোয় ফিকশনধর্মী বইয়ের অধিক্য থাকে। এর বাইরে তথ্যনির্ভর, গবেষণানির্ভর যে বইগুলো রয়েছে সেগুলোর প্রতি পাঠকদের আগ্রহী করে তোলা এ বইমেলার অন্যতম উদ্দেশ্য। ২০১৫ সাল থেকে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমরা ব্যবসায় শিক্ষা অনুষদ গর্বিত।’
অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বলেন, ‘এমন একটি আয়োজনে আমি প্রকাশক হিসেবে, পাঠক হিসেবে অত্যন্ত আনন্দিত।’
বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ বলেন, ‘এবারের যে জুলাই অভ্যুত্থান তারও একটা বড় ধরনের দিক হলো জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের অঙ্গীকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সঙ্গে আমরা আট বছর ধরে এ বইমেলা আয়োজন করছি এবং সবসময়ই তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি।’
আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কেনার সুযোগ পাবেন পাঠকরা। বইয়ের ক্রেতাদের জন্য মেলায় প্রতিদিন থাকছে র্যাফেল ড্রয়ের আয়োজন।
