শিক্ষা-স্বাস্থ্য খাতে প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট প্রয়োজন: আমির খসরু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনো ইনভেস্টমেন্ট করিনি। ইনভেস্টমেন্ট করেছি পদ্মা সেতু ও টানেলে। অথচ আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে। এই দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়কে জ্ঞান প্রসারিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে আমির খসরু বলেন, এখান থেকে পড়ালেখা শেষ করে বিশ্বের মধ্যে নিজের প্রজ্ঞাকে ছড়িয়ে দিতে হবে। নিজের মধ্যে দক্ষতা অর্জন করতে হবে। নিজের জ্ঞানকে প্রসারিত করতে হবে।

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি  বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন আমাদের করতে হয়। সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত