জামালপুরের ইসলামপুর পৌরসভার বহিষ্কৃত মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সেখকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে আটক করা হয়। গতকাল রবিবার দুপুরে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতে পাঠায়।
মামলা সূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকার পতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় রামদা, ফালা, কিরিচ, শাবল, হকিস্টিকসহ বিস্ফোরক দ্রব্য নিয়ে বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে ওইদিন রাতে সভারচর কারীপাড়া গ্রামের বাসিন্দা ও জেলা ছাত্রদলের সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় আসামি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের সেখকে শনিবার রাতে জামালপুর শহর থেকে আটক করা হয়।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ডিবি পুলিশের সহায়তায় জামালপুর শহরের ভাড়া বাসা থেকে এজাহারভুক্ত আসামি পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের সেখকে আটক করা হয়। তাকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’
