জাল সনদে শিক্ষিকার চাকরির প্রমাণ মিলল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ এএম

রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আক্তার শামার জাল সনদে চাকরি নেওয়ার প্রমাণ মিলেছে। এ অভিযোগটি আমলে নিয়ে জাতীয় বিশ^বিদ্যালয় তার সনদ যাচাই করে। শামীমার বিএ ও এমএ (ইতিহাস) পরীক্ষার ফলাফল তৃতীয় শ্রেণি হলেও তিনি দ্বিতীয় শ্রেণি উল্লেখ করে চাকরি নিয়েছেন। সম্প্রতি জাতীয় বিশ^বিদ্যালয় থেকে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর পাঠানো এক চিঠিতে সনদ যাচাইয়ের এ তথ্য উঠে আসে।

জানা গেছে, সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আক্তার শামা জাল সনদে ২০ বছরের বেশি সময় ধরে নিয়মনীতির তোয়াক্কা না করে চাকরি করছেন এবং বেতনভাতা উত্তোলন করে যাচ্ছেন। শামীমা বর্তমানে প্রতিষ্ঠানটির ইংরেজি ভার্সনের সহকারী প্রধান।

সংশ্লিষ্ট সূত্র বলছে, অনার্স ও মাস্টার্সে শামীমা আক্তারের মূল সনদ তৃতীয় বিভাগের হলেও তিনি সেই সনদ জাল করে দ্বিতীয় বিভাগ করে তা জমা দিয়েই চাকরিতে যোগ দেন।

এ বিষয়ে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবউদ্দিন মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘সনদ যাচাই শেষে জাতীয় বিশ^বিদ্যালয় থেকে গত ১০ ডিসেম্বর আমাদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠি পাওয়ার পরে আমরা ওই শিক্ষিকাকে শোকজ করেছি।’

তবে এ বিষয়ে শিক্ষিকা শামীমা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করেও বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত