কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে ধানক্ষেতের মাটি কেটে বিক্রি করায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।

সংশ্লিষ্টরা জানান, উপজেলার বিভিন্ন এলাকার সরকারি জমি, ধানক্ষেত, নদী ও তীর থেকে রাতের আঁধারে ব্যবসায়ীরা নিয়মনীতি না মেনে ভেকু মেশিন ও খননযন্ত্র দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছেন। এতে একদিকে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে, অপর দিকে পরিবেশের ক্ষতি হচ্ছে। এসব অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও তনিমা আফ্রাদ ওইসব এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের সামশুদ্দিন খানের মেয়ে সেবুন নাহারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর ১৫ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত