রাইডার্সের হ্যাটট্রিক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:২৭ এএম

শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় বিপিএলে দিনের প্রথম ম্যাচেই জ¦লেছে ফ্লাডলাইট, বল দেখতে অসুবিধার কথা জানিয়েছেন ঢাকা ক্যাপিটালের খেলোয়াড় শাহাদাত হোসেন দীপু। সেই জায়গায় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচকে ঘিরে সমর্থকদের উত্তেজনা থাকলেও মাঠের খেলা নিরুত্তাপ। টসে হেরে আগে ব্যাট করা বরিশাল ১৮.২ ওভারে অলআউট হয়েছে ১২৪ রানে। জবাবে ১৫ ওভারে ২ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রংপুর রাইডার্স।

বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালে তামিম, মুশফিক, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, সাইফউদ্দিনরা সবাই। সঙ্গে শাহিন শাহ আফ্রিদি, নবী, কাইল মেয়ার্স আর সবশেষ ম্যাচে জয়ের নায়ক ফাহিম আশরাফকে নিয়ে আসরের অন্যতম শক্তিশালী দল বরিশাল। প্রথম ম্যাচে যারা পেয়েছিল রোমাঞ্চকর জয়। অন্যদিকে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহদের সঙ্গে নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসানরা। তাই এই দ্বৈরথকে ঘিরে দর্শক সমাগম ছিল অনেক, কিন্তু শেষ পর্যন্ত যে ম্যাচটা হলো, সেটা ম্যাড়ম্যাড়ে।

তামিম ইকবাল শুরুটা করেছিলেন ভালোই। মেহেদি হাসানের বলে মেরেছিলেন টানা তিন বাউন্ডারি। কিন্তু নাহিদ রানা আক্রমণে আসতেই অস্বস্তিতে তামিম। টানা তিনটা ডট বলের পর রান করার চাপেই বোধহয় ডাউন দ্য উইকেটে এসেছিলেন, তারপর বোল্ড হয়েছেন দৃষ্টিকটুভাবে। শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহ, ফাহিম; কেউই বড় রান করতে পারেননি। ১৪ বলে ১৩ রান করে আউট হয়ে যান কাইল মেয়ার্সও। শেষদিকে  নবীর ২১ রান বরিশালকে নিয়ে যায় ১২৪ রানে। ১৮ রানে ৩ উইকেট খুশদিল শাহর।

১২৫ রানের জয়ের লক্ষ্যে রংপুর শুরুর জোড়া ধাক্কা সামলে অ্যালেক্স হেলসের ব্যাটে পেয়েছে ভরসা। উদ্বোধনী ব্যাটসম্যান আজিজুল হাকিম তামিম ও ওয়ান ডাউনে তৌফিক খান তুষার, দুজনেই ইকবাল হোসেন ইমনের একই ওভারে শূন্য রানে আউট হয়েছেন। ১৯ রানে জীবন পাওয়া হেলসের ৪১ বলে ৪৯ আর সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে (৪৬ বলে ৬২) ৩০ বল হাতে রেখেই জিতেছে রংপুর। রংপুর জিতল টানা তিন ম্যাচ আর বরিশালের দ্বিতীয় ম্যাচেই দেখল হারের মুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত