আড়াইহাজার উপজেলা

এক রাতে ৪ বাড়িতে ডাকাতি ৫ দোকানে চুরি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অতি মাত্রায় বেড়েছে চুরি-ডাকাতি। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার বাসিন্দারা। গত বৃহস্পতিবার রাতে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ও ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া এলাকায় একযোগে চার বাড়িতে ডাকাতি ও পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, ওইদিন রাত ২টার দিকে রামচন্দ্রদী এলাকায় প্রবাসী হোসেনের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে ডাকাত দল একই গ্রামের নছিমন চালক রহমানের ঘরে ঢুকে নগদ ৫ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। এরপর একই গ্রামে বাছেদের বাড়িতে হানা দিয়ে নগদ ৪ হাজার টাকাসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এর আগে ডাকাত দল রামচন্দ্রদী পশ্চিম পাড়ার হামিদের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী রহিমাকে ও তার মেয়ে রাশিদাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে ডাকাত দল কিছু না নিয়ে পালিয়ে যায়।

একই রাতের কোনো এক সময় ঢাকা-আড়াইহাজার সড়কের সাদারদিয়া এলাকায় ৫টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র আব্দুল আউয়াল, ফারুক, মোজাম্মেল, আলমাছ ও নুরুল আমিনের দোকানের শাটার ভেঙে প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত