নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে যুবদল কর্মী শাওন আহম্মেদকে গুলি করে হত্যা মামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ। শাওন হত্যা মামলার ১৬ নম্বর এজাহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হককে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা এয়ারপোর্টে ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত কনককে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করেন এবং গ্রেপ্তারকৃত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির জানান, গ্রেপ্তারকৃত কনককে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ করে গ্রেপ্তারকৃতকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
উল্লেখ্য ২০২২ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। ওই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীরাও বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
