লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ জানিয়েছেন চলতি মৌসুমই হতে পারে অ্যানফিল্ডে তার শেষ বছর। মিসরীয় তারকা স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, নতুন চুক্তি নিয়ে আলোচনা থমকে যাওয়ায় ক্লাব ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
২০২২ সালে করা সর্বশেষ চুক্তি শেষ হতে যাচ্ছে এই মৌসুম শেষে। সালাহ বলেন, ‘এখন পর্যন্ত? হ্যাঁ। গত ছয় মাসে (চুক্তি নিয়ে) কোনো অগ্রগতি হয়নি। আমরা একে অপরের কাছ থেকে এখনো অনেক দূরে। তাই আপাতত অপেক্ষা করতে হবে।’
ইএসপিএন জানিয়েছে, কয়েক মাস ধরেই লিভারপুলের সঙ্গে সালাহর নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু কোনো সমাধান পাওয়া যায়নি। নভেম্বরের শেষ দিকে সালাহ জানিয়েছিলেন, ‘আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকরা আমাকে ভালোবাসেন। কিন্তু বিষয়টি আমার বা তাদের হাতেও নেই।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ১৭ গোল ও ১৩টি অ্যাসিস্ট করেছেন সালাহ। এর ফলে ৩০ গোল-অবদান রাখতে তিনি নতুন রেকর্ড গড়েছেন। ফুটবল পরিসংখ্যান সংস্থা অপটার মতে, প্রিমিয়ার লিগের ইতিহাসে এত কম ম্যাচে কেউই এমন কিছু করতে পারেননি।
লিভারপুলে অষ্টম মৌসুম কাটানো সালাহ এবার প্রিমিয়ার লিগ জয়ের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। সালাহ বলেন, ‘আমার প্রথম চাওয়া লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। এটা ক্লাবের হয়ে আমার শেষ বছর হতে পারে, তাই আমি এই শহরের জন্য বিশেষ কিছু করতে চাই।’
২০২০ সালে করোনার কারণে দর্শকশূন্য গ্যালারিতে লিভারপুল শিরোপা উদ্যাপন করেছিল। সেই অভিজ্ঞতা থেকেই সালাহ এবার সমর্থকদের সঙ্গে উদ্যাপন করতে চান। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল ৬ পয়েন্টে পিছিয়ে। সালাহর লক্ষ্য এই ছন্দ ধরে রেখে লিগ শিরোপা জয় করে অ্যানফিল্ডকে বিদায় জানানো।
আগামীকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে লিভারপুল। সালাহর পারফরম্যান্সে দলের শীর্ষ অবস্থান ধরে রাখার প্রত্যাশা কোচ আর্নে স্লটের। চুক্তির অগ্রগতি না হলে সালাহর প্রিমিয়ার লিগে এটি লিভারপুলের হয়ে শেষ মৌসুম হতে পারে।
