বৈষম্যবিরোধী ছাত্রদের ‘পাল্টা কমিটি’ ঘোষণা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ এএম

কুমিল্লার মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিতে সক্রিয়দের বঞ্চিত করে ফ্যাসিস্ট সরকারের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িতদের দিয়ে উপজেলা কমিটি দেওয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা ক্ষুদ্ধ হয়ে নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সঙ্গে আবদুর রহমান উজ্জ্বলকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নাঈমকে সদস্য সচিব করে ২৯৫ সদস্যবিশিষ্ট পাল্টা উপজেলা কমিটি ঘোষণা করা হয়। গতকাল শনিবার দুপুর ১২টায় মুরাদনগর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেন মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।

প্রতিবাদ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন, ‘যারা ছাত্র-জনতার আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন তাদের বাদ দেওয়া হয়েছে। এর বদলে আওয়ামী লীগের দোসর ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজনপ্রীতি করে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আজ আমরাই কমিটির নামে বৈষম্যের শিকার হচ্ছি। আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল, তাদের বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে। আমার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। একই সঙ্গে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

সিয়াম খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন আবদুর রহমান উজ্জ্বল, নাহিদুল ইসলাম নাঈম, ইব্রাহিম, এনামুল, মেহেদী, সাব্বির, শরীফ, ফাহিম, সাকিব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত