নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে মুকুল (৪৫) ওরফে গিট্টু নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুকুল ওই এলাকার সাবেক ইউপি সদস্য কাবিল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে একটি ডাকাত দল জোগারদিয়া চকে সেচপাম্পের নালার ওপর বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে স্থানীয় কিছু লোক গিয়ে মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দিলে এলাকার ৪০০ থেকে ৫০০ লোক বের হয়ে ডাকাত দলকে ঘেরাও করেন। এ সময় সাত-আট ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুলকে ধরে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
