বিয়ে করেছেন এফ মাইনর ব্যান্ডদলের অন্যতম ভোকালিস্ট পিংকি প্যাট্রিসিয়া চিরান। বরের নাম আরেঙ মোজেশ। তিনি পেশায় ঢাকার নর্থ অ্যান্ড কফির একটি শাখার ব্যবস্থাপক। গত ৩ জানুয়ারি পাত্র আরেঙের বাড়ি নেত্রকোনার বিরিশিরিতে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় বিষয়টি দেশ রূপান্তরকে পিংকি নিজেই নিশ্চিত করেছেন।
পিংকি বলেন, ‘গত বছরের এপ্রিল মাসে আমাদের আংটি বদল হয়েছিল। এই জানুয়ারির শুরুতে নেত্রকোনার বিরিশিরিতে বিয়ে সম্পন্ন হয়েছে। বিরিশিরিতেই ওদের বাড়ি। যেহেতু আমাদের বিয়েতে বেশকিছু ধর্মীয় আচার রয়েছে, তাই কয়েক দফায় আয়োজনের মাধ্যমে আমাদের বিয়ে সম্পন্ন হয়। এর মধ্যে আমাদের শেরপুরের বাড়িতেও বিয়ের একটি অংশ পালন করতে হয়েছে।’
ডিসেম্বর জুড়ে ব্যস্ত ছিল এফ মাইনর ব্যান্ড, এর মধ্যেই সময় বের করেছেন পিংকি। নতুন জীবন শুরু করার অনুভূতি জানিয়ে বললেন, ‘আসলে ডিসেম্বরে তো আমাদের প্রচুর শো থাকে। সেসব নিয়েই ব্যস্ত ছিলাম। ডিসেম্বর শেষ হতেই বছরের শুরুতে বিয়ের অনুষ্ঠান করে ফেললাম। এখন আমি বিরিশিরিতে রয়েছি, কাল (আজ) আমরা দুজনই ঢাকায় ফিরে যাব।’
আমি নিশি রাইতের জংলা ফুল, ভাঙা নদীর ভাঙা কূল, মইধ্যেখানে জাইগা থাকা চর... এই গানটি ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘জংলা ফুল’ গানটি মুক্তি পাওয়ার পর থেকেই নৃগোষ্ঠীর পাঁচ নারীর ব্যান্ড দল এফ মাইনর জনপ্রিয়তা পেতে শুরু করে। গানটি গেয়েছিলেন পিংকি। পিংকি চিরান জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সংগীত বিভাগে পড়াশোনা করেছেন।
এফ মাইনর নৃতাত্ত্বিক গোষ্ঠীর নারীদের নিয়ে গঠিত প্রথম কোনো ব্যান্ডদল। নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর পুরুষ শিল্পীদের একাধিক ব্যান্ডদল আরও আগে থেকেই ছিল। বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও মেলায় এ দলগুলো গান করত। বর্তমানে পুরুষ ব্যান্ডগুলোর পাশাপাশি এফ মাইনরের মেয়েরা তাদের সামাজিক ও ধর্মীয় নানা উৎসব-আয়োজনে গান করেন। ব্যান্ডদলটি নারী মুক্তি ও নারী অধিকারকে গানের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করে। এফ মাইনরের ‘এফ’ অক্ষরটি ‘ফিমেল’, ‘ফ্রিডম’, ‘ফাইটার’-এর প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছিলেন পিংকি।
ওসি নেজামকে হেনস্তা: বিএনপি কর্মীদের ‘দুষ্কৃতি’ বললেন সিএমপির ডিসি
এটা মেজর ডালিম না: সালমান মুক্তাদির
হৃতিকের সুপারস্টার হওয়ার পেছনে ভাইজানের হাত!
'আমি ভালো খেললে কেউ আমাকে আটকাতে পারবে না'