মাগুরায় শহীদ রাব্বির কন্যাশিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৭:২১ এএম

ছাত্র-জনতার গণ-আন্দোলনে মাগুরায় শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্যভূমিষ্ঠ কন্যা সন্তানের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন রাব্বি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে গতকাল সোমবার সকালে শহরের বরুনাতৈল গ্রামে রাব্বির বাড়িতে যান প্রতিনিধিদলের সদস্যরা। সেখানে রাব্বির কন্যা সন্তানের খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি শহীদ রাব্বির মেয়ের জন্য উপহারসামগ্রী পৌঁছে দেয় এবং তার জন্য মাসিক ভাতার ঘোষণা দেয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাব্বির স্ত্রী।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘প্রত্যেক নির্যাতিত মানুষের পাশে যাচ্ছি আমরা। আমি মনে করি, যারা এখন ক্ষমতায় আছে, তাদের উচিত একটি সেল গঠন করে নির্যাতিতদের মাঝে দাঁড়ানো। যেখানে একটা লোক হাসপাতালে থাকার পরও মৃত্যুবরণ করে, সেখানে উচিত ছিল তাদের চিকিৎসার জন্য প্রয়োজনবোধে বিদেশ থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসা। সেখানে বর্তমান সরকারের একটা বিরাট ব্যর্থতা লক্ষ করছি। অনেক পরিবারেই আছে, যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন। কিন্তু তাদের পাশে দাঁড়ানোর মতো সক্ষমতা এই সরকার দেখাতে পারছে না। কিন্তু বিএনপি সেটা করছে। বিএনপি ক্ষমতায় না থেকেও আজ সে কাজ করছে।’

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, সিনিয়র বিএনপি নেতা লুতফুল বারি মুকুল, বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মোহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মিসবাহ।

আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মো. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত