চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন পুলিশের ৪০তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টররা (এসআই)। কর্মসূচি চলাকালে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করে চাকরি ফিরে পাওয়ার আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনরতদের প্রতিনিধিরা।
গতকাল সোমবার সকালে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ের সামনের সড়কে জড়ো হলেও পরে সচিবালয়ের উল্টো দিকের সড়কে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচির পালনকালে তাদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করতে যায়। এর আগে গত রবিবার একই দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত প্রশিক্ষণপ্রাপ্ত এসআইরা।
সম্প্রতি রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চার দফায় বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্যাডেট এসআইরা দাবি করেন, শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে, সেটা সঠিক ছিল না।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে তারা বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের এ চাকরি পেয়েছেন তারা। পুরো প্রশিক্ষণের সময় তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ না থাকলেও শেষ সময় ঠুনকো অভিযোগে তাদের বাদ দেওয়া হয়। দাবি নিয়ে আন্দোলনরতদের তিন প্রতিনিধি সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির সঙ্গে দেখা করেছেন। সচিব তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে আশ^াস দিয়েছেন। এ ক্ষেত্রে এই ব্যাচের ৯ জানুয়ারির পাসিং আউট প্যারেড পেছানো হতে পারে বলে জানিয়েছেন তারা।
