ক্যারিবিয়ানে গিয়ে গ্লোবাল সুপার লিগ জেতাটা রংপুর রাইডার্সকে এতটাই উজ্জীবিত করেছে যে এবারের বিপিএলে যেকোনো পরিস্থিতি, ভেন্যু কিংবা মুহূর্তে সেরা নৈপূণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নিচ্ছে দলটি। আসরের পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও নিজেদের করে রেখেছেন সোহানরা। আজ দিনের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিলের দুইয়ে থাকা ফরচুর বরিশাল।
চার ম্যাচের তিনটিতে জয় পাওয়া বরিশালও আছে উড়ন্ত ফর্মে। সিলেট পর্বে দুই ম্যাচ খেলে দুটিতেই সাত উইকেটের জয় পেয়েছেন তামিমরা। আসরে একমাত্র হার তাদের এই রংপুরের বিপক্ষেই। আসরের সর্বোচ্চ রান শিকারি অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। ৭২ গড় আর ১৫৮ স্ট্রাইকরেটে ২১৭ রান নিয়ে শীর্ষে আছেন হেলস। অন্যদিকে ১৯৯ রান নিয়ে দুইয়ে সাইফ।
বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের শক্তি বাড়াতে দলে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটার ডাভিড মালান। পঞ্চমবারের মতো বিপিএল খেলতে এসে মালান বলেছেন, ‘দল হিসেবে খেলে আরও একটি শিরোপা ঘরে তুলতে চাই।’ রংপুরের বিপক্ষে ম্যাচে একাদশে দেখা যেতে পারে মালানকে। এক-এ থাকা রংপুরকে হারিয়ে ঢাকার বদলা সিলেটে নিতে পারবে কি না, বরিশাল সেটিই আজ দেখার বিষয়।
দিনের দ্বিতীয় ম্যাচে জয়হীন ঢাকা ক্যাপিটালসের সঙ্গে খেলতে নামবে চট্টগ্রাম কিংস। প্রথম হারলেও দ্বিতীয় ম্যাচ জিতেছে দলটি।
