সাভারের আশুলিয়ায় বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় ৬০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাজপুর এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এলাকাবাসীরা জানায়, প্রায় এক বছর আগে স্থানীয় যুবলীগ নেতা ইউসুফ ম-লের নেতৃত্বে আবদুল জলিল ও সিরাজ মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়। তারা অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন।
আশুলিয়া তিতাস গ্যাস প্রাইভেট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু ছালেহ মো. খাদেমুদ্দীন বলেন, দুই কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে দেওয়া প্রায় ৬০০ বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন ও ব্যবহৃত রাইজার ও চুলা জব্দ করা হয়। পর্যায়ক্রমে আশুলিয়ার সব অবৈধ গ্যাসলাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। এখন থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান চলবে। এ ছাড়া অবৈধ সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধেও থানায় মামলা করা হবে।
